মির্জা ফখরুলের শূন্য আসন ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণ হিরো আলমের
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
রাজনীতি ও বিনোদন জগতের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঠাকুরগাঁও-১ (সদর) আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হলে সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। হিরো আলম জানান, এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানলে তিনি সাতক্ষীরায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতেন না। তিনি বলেন, “আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। তাই আমার উত্তরাঞ্চলেই থাকা উচিত। সেই চিন্তা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো।” হিরো আলম আরও জানান, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, আগের মতোই সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান তিনি। তবে এখনো উপ-নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা বা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়নি। ফলে কমিশনের নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপ সম্পন্ন হওয়ার পরই তার প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হবে। হিরো আলমের এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম