কুমিল্লা দেবীদ্বার জাফরগঞ্জ: মাদরাসা সুপারের বিরুদ্ধে কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণের অভিযোগ, আটক করে পুলিশে সোপর্দ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর ভূঁইয়াবাড়ি এলাকার হোসেনপুর পশ্চিম ও উত্তরপাড়া নূরে মদিনা মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই সুপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান (৫০)। তিনি বরুড়া উপজেলার দক্ষিণ ভবানীপুর ইউনিয়নের পোমতলা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ওই মাদরাসার সুপার ও স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানায়, এক কিশোরীর সঙ্গে মিজানুর রহমানের অনৈতিক কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে মারধর করে মাদরাসা কমপ্লেক্সে আটকে রাখেন। পরে কয়েকজন তাকে সেখান থেকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে স্থানীয়দের দাবি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করে চরবাকর-হোসেনপুর সীমান্ত এলাকা থেকে তাকে পুনরায় আটক করেন এবং মারধরের পর পুলিশে সোপর্দ করেন।
কমপ্লেক্সের বাবুর্চি মো. ইব্রাহিম জানান, মাদরাসা সুপারের ছেলে সিয়াম (১২) তার বাবার মোবাইলে কিছু ভিডিও দেখে বিষয়টি তার মাকে জানায়। পরে সে বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। সেখান থেকে ভিডিওগুলো স্থানীয় কয়েকজনের হাতে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে তার দাবি। অভিযোগকারী কিশোরী জানায়, প্রায় দেড় বছর ধরে মিজানুর রহমান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। এ কারণে তিনি তার কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেন। কিশোরী আরও অভিযোগ করেন, পরবর্তীতে তাকে অচেতন করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন মাদরাসা সুপারকে মারধর করে আটকে রেখেছেন—এমন খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘেরাও করার চেষ্টা করেন। ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ