পাবনায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অধ্যায়নরত ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পাবনা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির ক্রেস্ট তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। ভালো ফলাফলের পাশাপাশি সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রমূখ। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে পাবনা জেলা পুলিশ তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। ভবিষ্যতেও তারা মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান