কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মহিলা চোরচক্রের বেপরোয়া দৌরাত্ম্য: নেপথ্যে আন্তঃজেলা অপরাধ সিন্ডিকেট
দৈনিক বিজয় নিউজ বিশেষ কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জনবহুল এলাকায় সুকৌশলে স্বর্ণের চেইন চুরির একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উন্মোচিত হয়েছে দেশজুড়ে জাল বিস্তার করা এক সুসংগঠিত মহিলা অপরাধ চক্রের ভয়ঙ্কর তথ্য। চিকিৎসাকেন্দ্রের মতো সংবেদনশীল ও ব্যস্ততম স্থানে সংঘটিত এ ধরনের অপরাধ জননিরাপত্তার জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চিকিৎসা বা জরুরি প্রয়োজনে আসা মোসা. সেলিনা বেগম (৫০) নামের এক নারীর গলা থেকে অত্যন্ত কৌশলে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের আট আনা ওজনের স্বর্ণের চেইন হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্রের এক সদস্য। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে মো. তাজুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা (নম্বরে ২২২০৮২০২৬) রুজু করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শামসুন্নাহার (৪০, স্বামী-মারুফ, ধরনমন্ডল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া), মর্জিনা বেগম (৩০, স্বামী-মো. মোশাররফ হোসেন), ফুল চাঁন বিবি (৩৩, স্বামী-মোবারক মিয়া), সাজারা বেগম (২২, স্বামী-মানিক মিয়া) এবং অজুফা বেগম (২৫, স্বামী-শরিফ)। অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, এই চক্রের সদস্যরা কেউ স্থানীয় নন। সাভার, আশুলিয়া, বাসন, কসবা, গোপালগঞ্জ ও পাকুন্দিয়াসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অত্যন্ত পেশাদার এই চক্রটি জনবহুল স্থানে মুহূর্তের মধ্যে অপরাধ সংঘটন এবং গ্রেপ্তারের পর আইনের চোখ ফাঁকি দিতে অভিনব কায়দা (যেমন সালোয়ারের কুঁচিতে আলামত লুকানো) ব্যবহার করে থাকে। বারবার গ্রেপ্তার হয়েও জামিনে বেরিয়ে এসে তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজ ও জনজীবন থেকে এ ধরনের অপরাধমূলক সিন্ডিকেটের শেকড় উৎপাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ