পাবনা পেশাজীবী দলের নৌবিহারে দিনব্যাপী পিকনিক অনুষ্ঠিত

পাবনা পেশাজীবী দলের নৌবিহারে দিনব্যাপী পিকনিক অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পাবনা জেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে চলনবিলে দিনব্যাপী নৌবিহার ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পাবনা জেলা শহর থেকে বাস যাত্রার মাধ্যমে শুরু হয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় নৌবিহারে দিনব্যাপী এ পিকনিক অনুষ্ঠিত হয়। পাবনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর নেতৃত্বে আয়োজিত এ নৌবিহারে সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন। নৌবিহারকে ঘিরে অংশ গ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পিকনিক যাত্রার শুরুতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পেশাজীবী দলের সহসভাপতি রবিউল ইসলাম বাবু। সভায় বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সিদ্দিকুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সংগঠনের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে নেতাকর্মীরা মতবিনিময় করেন। বক্তারা বলেন, জাতীয়তাবাদী পেশাজীবী দল শুধু পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, দেশ ও জনগণের কল্যাণেও কাজ করে যাচ্ছে। পেশাজীবীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার উপর তারা গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় বৃক্ষরোপণ, মৎস্য ও কৃষি খাতে সহায়তা, অসহায় মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সরকারের মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে পাবনা সদর আসন এবং বেড়া-সুজানগর এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন নেতাকর্মীরা।জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নৌবিহারের মূল পর্বে চলনবিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নৌযানে গান, বাদ্যযন্ত্র, পল্লীগীতি ও ভাটিয়ালি গান পরিবেশন করেন। পাশাপাশি নানা কৌতুক ও বিনোদনমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো নৌবিহার। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনুষ্ঠানে পাবনা জেলা পেশাজীবী দলের নেতা ও পিকনিক কমিটির আহবায়ক ফরিদুল ইসলাম খোকন, ইমরান হোসেন, মহাসিমা খান সেতু, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শুভ, প্রকাশনা সম্পাদক বুড়ি সরকার ও মো. রফিকুল ইসলাম প্রাংসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা শেষে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ, সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পাবনা জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান