নাইক্ষ্যংছড়ি বাইশারীতে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বাইশারীর নয়ন মনি ক্লোথ স্টোর খুলে দেওয়া হলো!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর নয়ন মনি ক্লোথ স্টোর আজ ৩১ আগস্ট পুনরায় খুলে দেওয়া হয়েছে। সোমবার বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর আহাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানটি খুলে দেওয়া হয়। এ সময় দোকানের ভেতরে বিভিন্নভাবে তল্লাশি চালানো হলেও কোনো ধরনের জব্দকৃত ডকুমেন্ট বা সন্দেহজনক মালামাল পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। জানা গেছে, আজিজ খলিফা হত্যা মামলায় নয়ন মনি ক্লোথ স্টোরের মালিক উদয়ন ধরকে আসামি করা হয়। মামলার পর তিনি প্রায় তিন মাস কারাগারে ছিলেন। একই সময়ে মামলার কারণে দোকানটিও দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে কারাগারে থাকা অবস্থায় মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সমঝোতা ও মীমাংসা হওয়ায় উদয়ন ধর জামিনে মুক্তি পান। এরপর স্থানীয় বাজার পরিচালনা কমিটি ও পুলিশের উপস্থিতিতে দোকানটি পুনরায় খুলে দেওয়া হয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু বলেন, দোকানটি দীর্ঘদিন বন্ধ ছিল। মালিকের বিরুদ্ধে মামলা থাকায় পরিস্থিতির কারণে দোকানটি খোলা হয়নি। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও বিষয়টি মীমাংসা হওয়ায় দোকানটি পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হয়। আজ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানটি খুলে দেওয়া হয়েছে। বাজার পরিচালনা কমিটি সবসময় আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে দায়িত্বশীল থাকবে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর আহাসান বলেন, নয়ন মনি ক্লোথ স্টোরটি দীর্ঘদিন বন্ধ ছিল। আজ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানটি খোলা হয়েছে। দোকান খোলার সময় সেখানে তল্লাশি করা হয়। তল্লাশিকালে কোনো ধরনের জব্দকৃত ডকুমেন্ট বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আইনগত বিষয়গুলো যথাযথ প্রক্রিয়ায় চলমান থাকবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন দোকানটি বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। দোকানটি পুনরায় চালু হওয়ায় বাজারের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ফিরবে বলে আশা করছেন তারা।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি