সীমান্তের চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ দেখতে বালিয়াডাঙ্গীতে মার্কিন রাষ্ট্রদূত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
উত্তরাঞ্চলের চা শিল্পের সম্ভাবনা এবং সীমান্ত এলাকার ঐতিহ্য ঘুরে দেখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার সীমান্তবর্তী নিটোলডোবা চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু হয়। পরে তিনি হরিণমারী এলাকার গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেডে যান। চা-বাগান পরিদর্শনকালে রাষ্ট্রদূত বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। চা-পাতা সংগ্রহ, বাগানের পরিচর্যা এবং উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে চা চাষের সম্ভাবনা, উৎপাদন ও এ খাতের ভবিষ্যৎ নিয়েও তিনি খোঁজখবর নেন।
এরপর রাষ্ট্রদূত হরিণমারী এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী আমগাছটি দেখতে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে গাছটির ইতিহাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে এর সম্পর্ক সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। সফরের শেষ পর্যায়ে তিনি গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। কারখানায় চা উৎপাদনের বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। রাষ্ট্রদূতের সফরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ফইজুল ইসলাম হিরুসহ প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সফরস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। স্থানীয়রা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন সফরের ফলে ঠাকুরগাঁওয়ের চা শিল্প, সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থানগুলো সম্পর্কে দেশ-বিদেশে আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সম্ভাবনাময় চা শিল্পের প্রসারেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন