চোরাকারবারীদের চোখের ঘুম কেড়ে নিলো বিজিবি! কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঝটিকা অভিযানে আটক ৭৫ লাখ টাকার অবৈধ মালামাল
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাতের নিস্তব্ধতা আর অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের রুটগুলোকে যারা নিরাপদ স্বর্গরাজ্য ভেবেছিল, তাদের সব হিসাব নিমিষেই উল্টে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে চালানো এক অভাবনীয় সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭৫ লক্ষ ৩৬ হাজার ২৫০ টাকার অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর এই ঝটিকা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ধাক্কা খেয়েছে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট। দীর্ঘদিনের গোপন নজরদারি আর নিখুঁত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অতর্কিত হানার বিন্দুমাত্র আঁচও করতে পারেনি অসাধু কারবারীরা। সীমান্ত পেরিয়ে দেশের বাজারে এসব নিষিদ্ধ পণ্য ছড়িয়ে দিয়ে রাতারাতি বড় ধরনের ফায়দা লোটার পরিকল্পনা করেছিল একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হয়নি; বিজিবির চৌকস টহল ও কঠোর অবস্থানের মুখে পড়ে তাদের সমস্ত ফন্দি মাঝপথেই ভেস্তে গেছে। জব্দ করা পণ্যের এই বিশাল চালানের মধ্যে রয়েছে নিষিদ্ধ ও অভিজাত ব্রান্ডের বিদেশী মদ, বাহারি কারুকাজের শাড়ি, চোখ জুড়ানো থ্রি-পিস এবং বিভিন্ন নামিদামি প্রসাধন সামগ্রী। সীমান্তের এই রমরমা অবৈধ বাণিজ্য ঠেকাতে বিজিবির এমন কড়া ও মারমুখী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর অভিযানের কোনো বিকল্প নেই। অবৈধ কারবারীদের মনে ভয়ের কাঁপুনি ধরিয়ে দিতে ৬০ বিজিবির এই ধারাবাহিক ও সাহসী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ