বুড়িচংয়ে যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন

বুড়িচংয়ে যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন সেন্টুকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিল্লাল হোসেন সেন্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ তার ছোট ভাই নবী নেওয়াজের ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদকসহ নবী নেওয়াজকে আটক করে। বিল্লাল হোসেন সেন্টু দাবি করেন, তার ভাই আটকের পর তিনি পুলিশকে কোনো ধরনের ছাড় না দেওয়ার অনুরোধ করেন। বরং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, ঘটনার পরদিন একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে। তার ভাইয়ের নামের সঙ্গে তার নাম ও রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এতে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিল্লাল হোসেন সেন্টু বলেন, তার ভাই গত ৩৫ বছর ধরে পৃথকভাবে সংসার করে আসছেন। ভাইয়ের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনোই সমর্থন বা সম্পৃক্ততা রাখেননি। বরং মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য তিনি তার ভাইকে বাবার কবরের কাছে নিয়ে শপথ করিয়েছিলেন বলেও জানান। তিনি আরও বলেন, তার ভাই গ্রেপ্তার হওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশের কাছে কোনো সুপারিশ করেননি। বরং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে পুলিশকে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের একটি মহল তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি, যুবদল এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিল্লাল হোসেন সেন্টু বলেন, গত ১৭ বছর ধরে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এ কারণে তার বিরুদ্ধে অন্তত আটটি মামলা হয়েছে। তার দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে দেশের কোথাও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কোনো মামলা তো দূরের কথা, কোনো সাধারণ ডায়েরিও (জিডি) নেই। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দিয়ে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ