পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান

পীরগাছায় মাদক ও ইভটিজিং বিরোধী বিশেষ অভিযান
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছা উপজেলাকে সম্পূর্ণ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করে আলোকিত পীরগাছা গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। ইতোমধ্যেই মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা ধরে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে তৃতীয় দিনের অভিযানে উপজেলার অন্নদানগর ইউনিয়নের চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে এসআই মোস্তফা কামাল,এস আই শামীম সহ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। চিহ্নিতদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে।” পুলিশ প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এসব ব্যাধি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি প্রয়োগ অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান