চট্টগ্রামে মাত্র ১০ টাকায় দাঁতের চিকিৎসা, জানেন তো?

চট্টগ্রামে মাত্র ১০ টাকায় দাঁতের চিকিৎসা, জানেন তো?
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

দাঁতের সমস্যা হলে অনেকেই ভাবেন, ভালো চিকিৎসা নিতে হলে বেসরকারি ক্লিনিকে যেতে হবে এবং বেশ কিছু টাকা খরচ হবে। কিন্তু চট্টগ্রামে এমন একটি সরকারি সেবা রয়েছে, যেখানে মাত্র ১০ টাকায় দাঁতের চিকিৎসার প্রাথমিক সেবা নেওয়া যায়। বিষয়টি হয়তো অনেকেরই জানা নেই। আপনি চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এই সেবাটি নিতে পারেন। প্রথমে হাসপাতালের টিকিট কাউন্টারে গিয়ে মাত্র ১০ টাকায় দাঁতের চিকিৎসার টিকিট নিতে হবে। সাধারণত সকাল ৯টা থেকে চিকিৎসকরা রোগী দেখা শুরু করেন।

এরপর চিকিৎসক আপনার দাঁতের সমস্যা দেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজন অনুযায়ী আপনাকে "ডেন্টাল ইউনিটে রেফার" করা হবে। পোস্টে যে ইউনিটটির ছবি দেওয়া হয়েছে, সেখানেই পরবর্তী ধাপের চিকিৎসা হবে। সেখানে গেলে আপনাকে দাঁতের চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হতে পারে। নির্ধারিত তারিখে আবার উপস্থিত হয়ে চিকিৎসা নিতে হবে।

বিশেষ নির্দেশনাঃ তবে একটা বিষয় মাথায় রাখবেন, দাঁতের ব্যথা যদি খুব বেশি হয় এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় রাখুন। কারণ সরকারি হাসপাতালে রোগীর চাপ সাধারণত অনেক বেশি থাকে, তাই সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হতে পারে। তবুও কম খরচে দাঁতের চিকিৎসা নেওয়ার সুযোগ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই সেবাটি অনেকের জন্য বেশ উপকারী হতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া