রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আগমন ঘিরে উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তার ঠাকুরগাঁওয়ে আসার কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা কার্যক্রম। রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সড়কের ডিভাইডারগুলোতে নতুন করে রং করা হচ্ছে। সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে চলছে নানা প্রস্তুতি।
এদিকে, রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্মাণ করা হচ্ছে মঞ্চ। সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, “রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জেলার সন্তান। রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে শহর সাজানো হচ্ছে, মানুষের মধ্যেও উৎসবের আমেজ তৈরি হয়েছে।”
ব্যবসায়ী জহির ইসলাম বলেন, “রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের চেহারা অনেকটাই বদলে যাচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় রং করা হচ্ছে। আমরা চাই, তার এই সফর শুধু আনুষ্ঠানিকতা বা উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।” গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন জেলার মানুষ। এবার রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলায় আসায় সেই আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা জেলার মানুষের। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর ঘিরে জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে আনন্দ, গর্ব ও নতুন প্রত্যাশা।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম