ফেনীতে সীমান্ত পেরিয়ে চট্টগ্রামে পাচারের সময় ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

ফেনীতে সীমান্ত পেরিয়ে চট্টগ্রামে পাচারের সময় ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​ফেনীর ছাগলনাইয়ায় সীমান্তপথে অবৈধভাবে নিয়ে আসা বিশাল অঙ্কের ভারতীয় শাড়ি-কাপড়ের চালানসহ একটি মিনি পিকআপ ও ৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিবাগত গভীর রাতে ছাগলনাইয়া থানাধীন ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমূড়া এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই অভিযান সাজানো হয়। ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যৌথ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমূড়া ঈদgahu উত্তর সংলগ্ন সড়কে চেকপোস্ট বসায়। ​অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মিনি পিকআপকে (ফেনী-ড-০৮৩৮) থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সীমান্ত পেরিয়ে অবৈধ উপায়ে সংগৃহীত ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত এই চোরাচালানের পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা বলে জানিয়েছে পুলিশ। ​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন সীমান্ত রুট ব্যবহার করে ভারতীয় কাপড় দেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে আসছিল। জব্দকৃত শাড়ির এই চালানটি পিকআপে বোঝাই করে নিরাপদে চট্টগ্রামের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। ​এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। চোরাচালান দমনে জেলা পুলিশের এমন কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ