ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় কষ্টিপাথরের মূর্তি, প্রাচীন আমলের বিভিন্ন সামগ্রী ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযানটি চালায় ৫০ বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি। ৫০ বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আসামিবিহীন অবস্থায় ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের দুটি মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প এবং একটি শঙ্খ উদ্ধার করা হয়। উদ্ধার করা কষ্টিপাথরের সামগ্রীর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা সামগ্রীর সিজার মূল্য প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ৫০ বিজিবি।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলী পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম