নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা!

নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। পাশাপাশি মাদক পাচার, বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। র‌্যালিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল ও সদস্য তৈয়ব উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে অপরাধ ও নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বা আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন।

বক্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়িতে মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক পাচার, বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তারা। সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু মহল ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, শিক্ষা এবং বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গণমাধ্যমকেও আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দীন খালেদ, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, অর্থ সম্পাদক মো. ইউনুস এবং যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম হাবিবুর রহমান রনি, মো. শাহীন, আনোয়ার হোসেন, মো. শিহাব, নুরুল সিকদার, কফিলউদ্দিন, আজিজুল হক রানা, মাহমুদুল হাসান, আবু শামা ও সানজিদা আক্তার রুনাসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি