দিনাজপুরে ৬০ দিন মেয়াদি আনসার-ভিডিপি সদস্যদের মূল্যায়ন পরীক্ষা : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ

দিনাজপুরে ৬০ দিন মেয়াদি আনসার-ভিডিপি সদস্যদের মূল্যায়ন পরীক্ষা : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিনাজপুরে ৬০ দিন মেয়াদি কারিগরি প্রশিক্ষণের সমাপনী ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর আঞ্চলিক আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১২০ জন প্রশিক্ষণার্থীর এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ট্রেডে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা হাতে-কলমে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। মূল্যায়ন পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামানসহ প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি প্রশিক্ষণলব্ধ কারিগরি জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি দক্ষতা একজন মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

প্রশিক্ষণকালীন সময়ে সদস্যরা বিভিন্ন কারিগরি কাজের পাশাপাশি নির্মাণকাজের আধুনিক পদ্ধতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি এবং দক্ষতার সঙ্গে কাজ করার বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ৬০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের দীর্ঘ প্রশিক্ষণ পর্বের সমাপ্তি ঘটে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীরা। উল্লেখ্য, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল ১২ ও ১৩ সেপ্টেম্বর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান