লাগামহীন ব্যাটারি রিকশার দখলে কুমিল্লা: স্থবির ট্রাফিকব্যবস্থায় নাভিশ্বাস নগরবাসীর
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ও জনবহুল কুমিল্লা শহরজুড়ে দিন দিন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচল। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত সর্বত্র এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। যত্রতত্র পার্কিং, অদক্ষ চালকদের খেয়ালখুশিমতো গাড়ি চালানো এবং ট্রাফিক আইনের প্রতি চরম অবহেলার কারণে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা আজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, গত কয়েক মাস ধরে শহরটিতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। কোনো ধরনের বৈধ লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই চালকরা এসব শক্তিশালী যান প্রধান সড়কে নিয়ে আসায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাজগঞ্জ, কান্দিরপাড়, চকবাজার এবং রানীর বাংলা রোডের মতো ব্যস্ত এলাকাগুলোতে সবসময় লেগেই থাকছে তীব্র যানজট। এর বাইরে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল দুই পয়েন্ট শাসনগাছা এবং টমছম ব্রিজ এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দূরপাল্লার বাস টার্মিনাল ও প্রধান সংযোগস্থল হওয়ায় এই দুই এলাকায় ব্যাটারিচালিত রিকশার এমন জটলা তৈরি হয় যে, সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচল করা মুশকিল হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও অফিসগামী কর্মজীবীরা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, ট্রাফিক পুলিশের চোখের সামনেই এসব অবৈধ রিকশা দেদারছে চলাচল করলেও দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রিকশার হর্নের অসহ্য শব্দ এবং যত্রতত্র মোড় ঘোরার প্রবণতার কারণে বয়স্ক ও শিশুদের পথচলা দুরূহ হয়ে উঠেছে। নগরবাসীর এখন একটাই দাবি—দ্রুত এই অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশার লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় কুমিল্লার প্রধান সড়কগুলো পুরোপুরি সচল রাখতে এবং জনজীবন স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ট্রাফিক শৃঙ্খলা ও বিশেষ অভিযান পরিচালনার বিকল্প নেই।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ