ঢাকা উত্তরের ভাটারা থানা পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা উত্তরের ভাটারা থানা পেশাজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর আয়োজিত এ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক নাফিজ মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক মিঞা সাহাবউদ্দিন বাচ্চু মৃধা, ঢাকা মহানগর উত্তর বিএপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতাউর রহমান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হানিফ, মো. শাকিল মাদবর এবং আঃ কাদের শিকদার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন। সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ভাটারা থানায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভাটারা থানা পেশাজীবী দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর উত্তর, ভাটারা থানা শাখা এ পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান