বাসচাপায় প্রাণ গেল মাদ্রাসার চার বছরের শিশু মাহিরের পাখিমারা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চালকসহ বাস পুলিশের হেফাজতে

বাসচাপায় প্রাণ গেল মাদ্রাসার চার বছরের শিশু মাহিরের  পাখিমারা বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চালকসহ বাস পুলিশের হেফাজতে
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার এলাকায় বিআরটিসি বাসের চাপায় মাহির নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালে নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাখিমারা বাজার এলাকায় নানার সঙ্গে দাঁড়িয়ে ছিল শিশু মাহির। এ সময় হঠাৎ কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস দ্রুতগতিতে এসে শিশুটিকে চাপা দেয়। বাসটি শিশুটিকে চাপা দিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ ফুট দূরে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ঘটনাস্থলেই চার বছরের শিশু মাহিরের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও চালককে আটক করে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পরে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ বাসটি হেফাজতে নেয় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, পাখিমারা বাজার এলাকায় মহাসড়কের কিছু অংশ সরু হওয়ায় যানবাহন চলাচলের সময় ঝুঁকি তৈরি হয়। এছাড়া চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। তবে চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, তা পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী