ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের কুমারপুর বশিরপাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়জুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি ভূল্লী থানায় লিখিত অভিযোগ করেছেন। ‎অভিযোগে মুকুল (৪৫), রাব্বী (৪০), মো. অন্তর (৩০), মাজেদ (৩০), মাসুম (২৫) ও শহিদুল (৫৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা ওই এলাকার বাসিন্দা বলে অভিযোগে জানানো হয়। ‎ফয়জুর রহমানের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। স্থানীয় বাসিন্দারা মাদক বিক্রিতে বাধা দেওয়ার পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে তাদের ওপর ক্ষুব্ধ হন অভিযুক্তরা। এরপর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

‎লিখিত অভিযোগ অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফয়জুর রহমানের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজের পর কিল, ঘুষি ও লাথি মেরে আহত করার অভিযোগ করা হয়েছে। ‎তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় লাঠিসহ দেশীয় অস্ত্র প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

‎ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সঙ্গে নিয়ে ফয়জুর রহমান ভূল্লী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎ফয়জুর রহমান বলেন, এলাকায় মাদক বিক্রি বন্ধে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এ ঘটনার পর তিনি ও স্থানীয়রা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ‎এ বিষয়ে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম