ঝাউতলায় জেলা বিএনপির উদ্যোগে গণসমাবেশ ও প্রতিবাদ সভা
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার ঝাউতলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনুসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশকে ঘিরে ঝাউতলা এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়। এ সময় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, একটি শ্রেণি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড যাতে দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যেকোনো অপতৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তারা। পরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে গণসমাবেশ ও প্রতিবাদ সভার কার্যক্রম শেষ হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী