নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। কুয়াকাটায় একই পরিচয় ব্যবহার করে একটি হোটেলে কক্ষ বুক করার অভিযোগও পাওয়া যায়। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ‘চার্জ’ বাবদ ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু হোটেল কিংবা আর্থিক লেনদেন নয়, বিয়ের ক্ষেত্রেও রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তার দুটি বিয়ে রয়েছে। এর মধ্যে প্রথম স্ত্রীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে সরকারি নথিপত্র জাল করার অভিযোগও রয়েছে রাসেলের বিরুদ্ধে। সূত্র জানায়, ৪৪তম বিসিএসের গেজেটের ২০২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’ নাম পরিবর্তন করে সেখানে ‘মো. রাসেল হাওলাদার’ নাম ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ কাজে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও রাসেল জানিয়েছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতির অভিযোগও রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র ও নথি জব্দ করে যাচাই করা হয়।
পরে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যেন সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী