পাবনার বেড়া জোবেদা বেগম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ

পাবনার বেড়া জোবেদা বেগম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন মোল্লা। পরে অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য মজিবর রহমান, কাজী মাসুদ, কাজী সাঈদ ও আলম সেখ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আবু সামা, মঞ্জুর রহমান, গোলাম মাহবুব, সুমন হোসেন ও রাকিবুল আমিন প্রমুখ। তাঁরা উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে তা অর্জনের পরামর্শ দেন। বক্তারা আরও বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি তৈরি করে। তাই পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের মধ্যে এ সময় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবাগতদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম। এর মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কলেজে স্বাগত জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান