ময়মনসিংহে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ দিনে প্রাণ গেল ১৩ জনের!
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৫১ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বর মাসের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮১৫ জন পুরুষ, ৩৭৫ জন নারী ও ৬১ জন শিশু। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত খেলন সরকার ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এ সময়ে মারা গেছেন একজন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৩০ জন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী এবং ১০ জন শিশু।
চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে, একই সঙ্গে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল