নওগাঁ কাজীর মোড়ে চাকু দেখিয়ে ৫ আনা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীরা আটক

নওগাঁ কাজীর মোড়ে চাকু দেখিয়ে ৫ আনা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময়  ছিনতাইকারীরা আটক
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ শহরে ছিনতাই করতে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার জামাল (৩৫), ফরিদ (৩৩) ও রবি (২৪)। পুলিশ জানায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিনজন তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় তারা চাকু দেখিয়ে খুন-জখমের হুমকি দিয়ে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সময়ে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ চাকুসহ তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা আটক ছিনতাইকারীদের কিছুটা মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে নওগাঁ শহরের স্থানীয় জনগণকে ছিনতাইকারীদের আটকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার