বুড়িচংয়ের ভারেল্লায় পুলিশি অভিযানের সুবর্ণ সুযোগে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে রক্তক্ষয়ী তাণ্ডব: কুপিয়ে জখম ও ৩ লাখ টাকা লুট

বুড়িচংয়ের ভারেল্লায় পুলিশি অভিযানের সুবর্ণ সুযোগে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে রক্তক্ষয়ী তাণ্ডব: কুপিয়ে জখম ও ৩ লাখ টাকা লুট
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়া কুলু বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ঠিক পরপরই রাতের আঁধারে এক প্রবাসীর বসতবাড়িতে বর্বরোচিত হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মধ্যরাতে ঘটা এই রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়েছেন। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি এবং বিদেশযাত্রার উদ্দেশ্যে রাখা নগদ তিন লাখ টাকা লুট করে নেওয়া হয়েছে। ​স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় পূর্ববিরোধের জেরে বুড়িচং উপজেলার ওই এলাকায় পুলিশি তৎপরতা ও তল্লাশি অভিযান পরিচালিত হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয় একজনকে। অভিযোগ উঠেছে, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই মহিউদ্দিন, সাইফুল ও সাব্বিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী চক্র সুযোগ বুঝে প্রবাসীর বাড়িতে হানা দেয়। ​অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত এই হামলায় চারজন নিরীহ মানুষ মারাত্মকভাবে জখম হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি প্রবাসীর বিদেশ যাওয়ার জমানো ৩ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ​নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবার জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে দেবপুর ফাঁড়ির ইনচার্জ আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পরামর্শ দেন। বিদেশে বসে এই নৃশংসতার খবর পেয়ে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন সংশ্লিষ্ট প্রবাসী। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ​এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ পুরোপুরি অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ