পাবনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশ সুপারের

পাবনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পুলিশ সুপারের
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৪ অক্টোবর পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আবু আশ্রাফ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে।পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা নিরাপত্তার ঝুঁকি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের উসকানিমূলক বা অসত্য তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজাকে নিরাপদ ও আনন্দমুখর করে তোলা সম্ভব। সভায় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, প্রবেশ ও বের হওয়ার পথ নির্বিঘ্ন রাখা, জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পূজার সময় যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, পাবনার ডিআইও-১ মো. আনোয়ার হোসেন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সভায় পাবনা জেলা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার সম্মিলিত অংশগ্রহণে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান