বাইশারীতে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান, ২ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকে জব্দ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী বাইশারী বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাইশারী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে যৌথবাহিনীর সদস্যদের সন্দেহ হয় একটি দ্রুতগতির মোটরসাইকেল দেখে। পরে মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে দ্রুত পালিয়ে যান। এরপর মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুরুল আহসান জানান, যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীন বলেন, অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে সীমান্তবর্তী বাইশারী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক পাচার ও কারবার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী, ঘুমধুমসহ বিভিন্ন এলাকায় মাদক পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি চালিয়ে আসছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি