পায়রা নদীতে ইলিশ শিকারের সময় বাধা দেওয়ায় কোস্ট গার্ডের স্পিডবোটে হামলা, জাল ও নৌকা জব্দ

পায়রা নদীতে ইলিশ শিকারের সময় বাধা দেওয়ায় কোস্ট গার্ডের স্পিডবোটে হামলা, জাল ও নৌকা জব্দ
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

অদ্য তারিখ ১৩ অক্টোবর ২০২৬ ইং বিকাল চার ঘটিকার সময় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভিকাখালী গ্রামের পাশে পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করছিল একদল অসাধু জেলে। খবর পেয়ে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোস্ট গার্ডের একটি টিম নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান কোস্ট গার্ড কর্মকর্তা শফিকুল।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ও জাল নদীতে রেখেই পাড়ে উঠে পড়েন। এ সময় জেলেরা ক্ষিপ্ত হয়ে কোস্ট গার্ডের স্পিডবোট ও টলার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কোস্ট গার্ডের স্পিডবোটের সামনের গ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তা সত্ত্বেও কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের টিমটি বিপুল পরিমাণ অবৈধ ইলিশ জাল এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করতে সক্ষম হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তা বিষয়টি মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। খবর পেয়ে ইউএনও দ্রুত ভিকাখালী বাজারে উপস্থিত হন এবং ঘটনার বিস্তারিত শোনেন। পরে স্থানীয় চৌকিদার শাহাবুদ্দিন ও ইউপি সদস্য সফুর আলীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত জেলেদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী