ময়নামতিতে পূজামণ্ডপ পরিদর্শনে শামসুল আলম ব্যাপারী, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সম্প্রীতি রক্ষার আহ্বান
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়নামতি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বুড়িচং উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক শামসুল আলম ব্যাপারী। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আয়োজন সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। শামসুল আলম ব্যাপারী বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি সংসদ সদস্য হাজী জসীম উদ্দীনের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপের খোঁজখবর নেন এবং তাঁর শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার ওপর গুরুত্ব দেন। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে শামসুল আলম ব্যাপারী শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ