পটুয়াখালীর মির্জাগঞ্জে সিঁধ কেটে চুরি: ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও মোবাইল লুট

পটুয়াখালীর মির্জাগঞ্জে সিঁধ কেটে চুরি: ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও মোবাইল লুট
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক সিকদার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের মেঝে খুঁড়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ২২ অক্টোবর ২০২৬ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় উপজেলার ভিকাখালী গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হারুন সিকদারের (পিতা: মৃত হযরত আলী সিকদার) বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী হারুন সিকদার বর্তমানে কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর ঘরের পিছন দিক দিয়ে সুড়ঙ্গ (সিঁধ) তৈরি করে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরের স্টিলের শোকেস খুলে তাতে রক্ষিত ৪ জোড়া কানের ঝুমকা, ১ জোড়া হাতের রুলি, ২টি আংটি এবং ১টি গলার চেইনসহ প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নেয়। যাওয়ার সময় চোরচক্রটি হারুন সিকদারের স্ত্রী ও মেয়ের শয়নকক্ষ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি সাধারণ মুঠোফোনও নিয়ে যায়। চুরির শেষ পর্যায়ে টের পেয়ে হারুন সিকদারের স্ত্রী 'চোর চোর' বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে ততক্ষণে চোরচক্রটি মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনার বিষয়ে মির্জাগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। এই ঘটনার পর থেকে এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে চোরচক্রটিকে শনাক্ত করে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের জোর দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী