বগুড়ায় জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে গাক চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বগুড়ায় ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ২৪ অক্টোবর বেলা ১১টায় বগুড়ার মোকামতলা এলাকার সৈয়দপুর হাইস্কুল প্রাঙ্গণে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর স্বাস্থ্য সেক্টরের আওতাধীন গাক চক্ষু হাসপাতাল। বগুড়ার বনানীতে অবস্থিত গাক চক্ষু হাসপাতাল ও মীর শাহে আলম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। কর্মসূচিতে গাকের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (মনিটরিং অ্যান্ড রিভিউ) হজকিল আবু হাসান, সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার, গাক চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পে আগত দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এ ছাড়া ছানি রোগী শনাক্তকরণের কার্যক্রম পরিচালনা করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের গাকের নিজস্ব পরিবহনে গাক চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ, চশমা এবং ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম মানুষের দৃষ্টিশক্তি রক্ষার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গাকের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের মতে, গাক চক্ষু হাসপাতালের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিশক্তি সুরক্ষা, অন্ধত্ব প্রতিরোধ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আরও সুদৃঢ় হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান