নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ধুনজইল মোড়ে অটোচার্জার মোটরসাইকেল সংঘর্ষে তারেক নামে এক যুবকের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলাে চৌমাশিয়া ধুনজইল মোড়ে অটো- চার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২ টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার উত্তর আন্ধার কোটা গ্রামের মুনির হোসেনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি অটোচার্জার নওহাটা মোড় থেকে মাতাজিহাটের দিকে যাচ্ছিল। পথে নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড়ে পৌঁছালে তারেক হোসেনের মোটরসাইকেলের সঙ্গে অটোচার্জারটির সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। তারেকের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার