উত্তর দুর্গাপুরে নির্বাচনী উত্তাপ: কাজী নূর আহাম্মদ শরীফের মতবিনিময় সভায় জনতার ঢলে রূপ নিলো জনসমুদ্রে

উত্তর দুর্গাপুরে নির্বাচনী উত্তাপ: কাজী নূর আহাম্মদ শরীফের মতবিনিময় সভায় জনতার ঢলে রূপ নিলো জনসমুদ্রে
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের নিজ বাড়িতে ইউনিয়নবাসীর আয়োজনে এক বিশাল ও সর্ববৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভাটি জনসমুদ্রে রূপ নেয়। উপস্থিত জনতা কাজী নূর আহাম্মদ শরীফের হাতে হাত রেখে আসন্ন নির্বাচনে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

​সভায় স্থানীয় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দীর্ঘ ১৭ বছরে বিএনপির রাজনীতির প্রতি অবিচল আস্থা ও ভালোবাসার কারণে কাজী নূর আহাম্মদ শরীফ চরম রাজনৈতিক হয়রানি ও বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় তাঁকে পাঁচবার কারাবরণ করতে হয়েছে এবং চার থেকে পাঁচবার তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি শারীরিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবুও শহীদ জিয়ার আদর্শ ও দলের প্রতি তাঁর আনুগত্যে বিন্দু পরিমাণ ফাটল ধরাতে পারেনি কুচক্রী মহল।

​বক্তারা আরও জোরালো কণ্ঠে বলেন, অতীতে দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো প্রস্তুতি থাকা সত্ত্বেও নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে এবার এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, কাজী নূর আহাম্মদ শরীফ চেয়ারম্যান নির্বাচিত হলে উত্তর দুর্গাপুর ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন, টেকসই রাস্তাঘাট নির্মাণ এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে রক্ষায় মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সুখে-দুঃখে তাঁকে সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে পাওয়া যাবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

​প্রধান অতিথির বক্তব্যে কাজী নূর আহাম্মদ শরীফ আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। গত ১৭ বছরে আমার ওপর দিয়ে কী ধরনের ঝড়-ঝাপ্টা ও অমানবিক নির্যাতন গেছে, তা আপনারা নিজের চোখেই দেখেছেন। বিএনপিকে ভালোবেসেছি বলেই শত নির্যাতন, হামলা, লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়েছি, কারাবরণ করেছি; কিন্তু কখনো মাথা নত করিনি বা দল ছেড়ে কোথাও যাইনি।’

​তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচনে অংশ নেব। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, এই ঐক্যের শক্তি নিয়ে আমি নির্বাচনী মাঠে থাকব। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের বরাদ্দের প্রতিটি টাকা কেবল জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করা হবে। এক টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। বরং প্রয়োজনে আমার নিজের উপার্জন থেকেও এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে অর্থ ব্যয় করতে আমি পিছপা হব না।’ ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রার্থীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ