হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার।। ১১ মাস পর দুইজনকে কারাগারে প্রেরণ

হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার।। ১১ মাস পর দুইজনকে কারাগারে প্রেরণ
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার মনিপুরে আলোচিত তিনজনকে গলাকেটে হত্যার ঘটনার প্রায় ১১ মাস পর দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, হোমনা উপজেলার মনিপুর গ্রামের চান মিয়া সওদাগরের ছেলে শহিদ উল্লাহ (৪০) ও খলিল ভূইয়ার ছেলে কাউছার মিয়া (২৮)। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাতে হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন ও পাঁচ বছর বয়সী ভাতিজা জুবায়েরকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পাপিয়া আক্তার সুখীর স্বামী প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হোমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেছে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ