GSTU-তে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির স্যার।
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনৈতিক অগ্রাধিকার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘Rethinking Bangladesh’s Foreign Policy in the Age of Changing International Politics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (BEI) সভাপতি এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই দেশটি হলো সাধারণ মানুষের অসাধারণ কার্যক্রমের প্রতিফলন।” তিনি উল্লেখ করেন, একটি দেশের পরিবর্তন ও উন্নয়নে সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার, দাবি ও প্রত্যাশার বিষয়ে সোচ্চার হলে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব ও অবস্থান যথাযথভাবে তুলে ধরতে হবে। দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তাঁর মতে, দক্ষ জনশক্তি তৈরি ও বৈশ্বিক পরিমণ্ডলে তাদের যথাযথ অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি মো. বদরুল ইসলাম। তাঁর পরিকল্পনা, নেতৃত্ব ও সার্বিক সমন্বয়ে সেমিনার আয়োজনের কার্যক্রম পরিচালিত হয়। বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা আয়োজনটিকে সফল ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় কূটনৈতিক চ্যালেঞ্জ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও গুরুত্ব তুলে ধরার বিষয়গুলো গুরুত্ব পায়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে বাস্তব কূটনৈতিক অভিজ্ঞতা অর্জন এবং সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে গভীরভাবে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বিভাগীয় শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানভিত্তিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির