‎ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

‎ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও গোপন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‎গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে। ‎এসআরবির প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময় কাটান। পরে গত ১৬ জুন খালিদ পারভেজ ওই নারীকে তালাক দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎অভিযোগে বলা হয়, তালাকের পর খালিদ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন। পরবর্তীতে গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৮।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেপ্তারে aগোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি খালিদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। ‎প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি আরও জানায়, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম

‎