ময়নামতি পূর্ব শাহ দৌলতপুর গ্রামে দুর্ধর্ষ মাদকসম্রাট মনি-ইকবালসহ আটক ৪: দেবপুর পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে থমকে গেল এলাকার ত্রাস!

ময়নামতি পূর্ব শাহ দৌলতপুর গ্রামে দুর্ধর্ষ মাদকসম্রাট মনি-ইকবালসহ আটক ৪: দেবপুর পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে থমকে গেল এলাকার ত্রাস!
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহ দৌলতপুর গ্রামে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জিত বড়ুয়ার বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করা এবং সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধমকিতে জিম্মি করে রাখা দুর্ধর্ষ মাদকসম্রাট মনি ও ইকবালসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

​দীর্ঘদিন যাবত এই কুখ্যাত চক্রটি এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। পূর্ব শাহ দৌলতপুর গ্রামকে নিজেদের নিরাপদ আস্তানা বানিয়ে তারা নিয়মিত অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত এবং এর প্রতিবাদ করলেই এলাকার সাধারণ মানুষকে নানা ধরনের ভয়ভীতি ও কঠোর হুমকি-ধমকি দিয়ে দমিয়ে রাখত। তাদের দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ে ও আতঙ্কে এলাকার কেউ তখন প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেত না।

​রাতের আঁধারে পরিচালিত এই ঝটিকা অভিযানে এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হলেও, প্রভাব বিস্তারকারী এই মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল।

​এলাকাবাসীর জোরালো দাবি ও সার্বিক সহযোগিতায় ফাঁড়ির ইনচার্জ সুরঞ্জিত বড়ুয়া ও তার পুলিশ টিম এই সফল অভিযান বাস্তবায়ন করেন। দেবপুর পুলিশ ফাঁড়ির এমন প্রশংসনীয় ও কঠোর ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্থানীয় এলাকাবাসী মাদক নির্মূলে এই ধরনের শুদ্ধি অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ