কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু

কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে  বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে চলছে সাজুগুজু। এ উপলক্ষে কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমে আগামী ১৮ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। ২০ নভেম্বর শুক্রবার প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে সেবাশ্রম প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণ, হোম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতির আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১৮ নভেম্বর বুধবার, বাংলা ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে দেবীর প্রথম পর্যায়ের পূজা শুরু হবে। পূজা শেষে শ্রীশ্রী চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দেবীর দ্বিতীয় পর্যায়ের পূজা। দুপুর ১টায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, এবং দুপুর ১টা ৩৫ মিনিটে দেবীর তৃতীয় পর্যায়ের পূজা শুরু হবে। বিকেল ৪টায় হোম, বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরতির আয়োজন রয়েছে। পূজার শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে দেবীর দশমী পূজা শুরু হবে। সকাল ৭টা ৪৫ মিনিটে দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। একই দিন রাত ৮টায় প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পূজার সমাপ্তি ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক চেতনা, মানবপ্রেম ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় ভক্ত-অনুরাগী, সুধীজন ও সর্বস্তরের দর্শনার্থীদের পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ এবং প্রতিমা দর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে অনুষ্ঠিতব্য এ পূজার সার্বিক সহযোগিতায় রয়েছে, সারদা সংঘ এবং বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কেশবপুর শাখা, যশোর। আমন্ত্রণপত্রে সেবাশ্রমের সভাপতি শ্রী তপন কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রী কালীপদ পালের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে, পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বেচ্ছায় আর্থিক অনুদান গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। অনুদান পাঠানোর জন্য সেবাশ্রমের নামে সোনালী ব্যাংক, কেশবপুর শাখায় পরিচালিত সঞ্চয়ী হিসাব নম্বর ২৩২০০০২০৫১৬০৯ উল্লেখ করা হয়েছে। ব্যাংকের রাউটিং নম্বর ২০০৪১১২১৫। এ ছাড়া বিকাশের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য ০১৬৩৮-৪১৭৮৮৭ নম্বরটি আমন্ত্রণপত্রে দেওয়া হয়েছে। স্থানীয় ভক্ত-অনুরাগী, ধর্মপ্রাণ মানুষ ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ