নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ১,৫০০ ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকায়!

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ১,৫০০ ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকায়!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলায় অবৈধভাবে স্তূপ করে রাখা বালুর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। দৈনিক সাঙ্গু মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আনুমানিক ১ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। পরে জব্দ করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হলে সর্বোচ্চ দর ওঠে ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও এনামুল হাসান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে সেখানে মজুত রাখা বালু জব্দের নির্দেশ দেন। পরবর্তীতে বিধি অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়।

জানা গেছে, এর আগে কাগজিখোলায় বালুর স্তূপ ও সংশ্লিষ্ট অনিয়মের বিষয়টি নিয়ে দৈনিক সাঙ্গু মাল্টিমিডিয়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ‘বান্দরবান নাইক্ষ্যংছড়ি বাইশারী’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেদককে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও মানহানিকর বক্তব্য দিয়ে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ছাড়া রাসেল তালুকদার নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাবি করেন, বালুর পয়েন্ট বন্ধ করা যাবে না। তাঁর বক্তব্যে আরও দাবি করা হয়, সেখানকার বালু তাঁদের লোকজন ব্যবহার করছেন এবং প্রশাসনসহ বিএনপি ও আওয়ামী লীগের অনেকেই এর সঙ্গে জড়িত রয়েছেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং বালু জব্দ করে নিলামে বিক্রির ঘটনায় স্থানীয় সচেতন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, সরকারি আইন ও বিধিবিধানের বাইরে কেউ কোনো ধরনের বালু উত্তোলন, মজুত কিংবা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বিষয়টি জানার পর আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই-বাছাই করেছি। সেখানে আনুমানিক ১ হাজার ৫০০ ঘনফুট বালু পাওয়া যায়, যা বিধি অনুযায়ী জব্দ করে নিলামের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, শুধু কাগজিখোলা নয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার যেসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করা হচ্ছে, সেসব স্থানেও প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি