উখিয়ায় আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ টহল চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিশেষ টহলের সময় সীমান্তবর্তী এলাকায় দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা ব্যাগ দুটি ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া