মির্জাগঞ্জ উপজেলা নির্বাচনে চলছে জম জমাট প্রচার প্রচারণা।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তারা মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। প্রার্থীদের সমর্থনে তাঁদের কর্মীরাও পৃথকভাবে হাট-বাজার, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা আর উঠান বৈঠক করে ভোটারদের কাছে নানা পরিকল্পনার কথা বলছেন এবং ভোটারদের কাছ থেকে এলাকার সমস্যার কথা শুনে সেসব সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরাও দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তারা উপজেলার উন্নয়ন ও জনগণের সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ও জনগণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকী নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। তিনি এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে মির্জাগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তা-ঘাটের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে।
চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম (জুয়েল) নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে তাঁর বক্তৃতায় উপজেলায় খেলার মাঠ স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উপজেলার সৌন্দর্যবর্ধনে নানা পদক্ষেপ গ্রহণ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও ভোটারদের নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেন।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার। তিনি বিভিন্ন সভা, গণসংযোগ ও উঠান বৈঠকে তার বক্তব্যে, উপজেলাকে সুন্দর ও আকর্ষণীয় করে সাজাতে চান। উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে তাঁর রয়েছে আলাদা পরিকল্পনা।
তাদের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম (লোটাস সিকদার), সাইফুল ইসলাম (সোহাগ মৃধা), এস এম রাসেল মোল্লা, দুলাল ফকির, গাজী ওমর ফারুক শাওন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাহবুবা মোর্শেদা (রানু), এ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা ও হাচিনা বেগম উপজেলা জুড়ে জমজমাট প্রচার চালাচ্ছেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন করার ও জনগণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে দিচ্ছেন জোড়ালো প্রতিশ্রুতি।
ভোটাররা বলেন, আমরা কারো প্রতিশ্রুতিতে ভুলে ভোট দেবো না। ভোটের আগে মনভুলানো প্রতিশ্রুতি সব প্রার্থীরাই দিয়ে থাকে। কিন্তু ভোটের পর তা অনেকেরই মনে থাকে না। তাই কোনো প্রার্থীর প্রতিশ্রুতিতে ভুলে না, যে প্রার্থী সবদিক থেকে যোগ্য, আমরা তাকেই ভোট দিব।
মির্জাগঞ্জে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৮৮৭ জন। উপজেলায় ৪৩ টি ভোটকেন্দ্রে, ২৮৭ টি কক্ষে আগামী ২৯ মে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। নির্ধারণ করবেন মির্জাগঞ্জ উপজেলার ভোটাররা কার হাতে তুলে দিবেন মির্জাগঞ্জের দায়িত্ব।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন