চিরিরবন্দরে রাতের আঁধারে দেড় শতাধিক গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় দেড় শতাধিক গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দীঘারন গ্রামের দীঘারন সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দীঘারন গ্রামের শাহা পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন এর বাগানে থেকে গতকাল শুক্রবার প্রায় দেড় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেন। প্রায় ৫ শতক জায়গার উপর আনোয়ার হোসেন গত বছর এই বাগান সৃষ্টি করেন। সরেজমিনে দেখা গেছে, বাগানের প্রায় সব গাছগুলোই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে।
বাকিগুলোও বাঁচার সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, অনেক কষ্টে পরিচর্যা করে গাছগুলো বড় করেছি। কিন্তু রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে ফেলেছে। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। গাছগুলো বড় করে বিক্রি করলে আমার সংসারে যোগান দেয়া হতো। গত ১ বছর যাবত নিরলস ভাবে গাছগুলি পরিচর্যা করে আসছি। আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আঁধারে বাগানের প্রায় দেড় শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়ায় স্থানীয় বাগানের কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। চিরিরবন্দর থানার ওসি আবু হাসনাত খান জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান