বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল জব্দ
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরের ডাঙা হাতি মোহন নলিয়া হতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল জব্দ করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত সন্ধ্যা ৭ টায় বালিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার এর যৌথ অভিযানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নলিয়া বাজারের ব্যবসায়ী শ্যামা প্রসাদ বিশ্বাসের দোকান থেকে অবৈধ ও ব্যবহারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়াড়ির প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের জাল জব্দ ও তাকে আটক করা হয়। পরবর্তীতে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাল আগুনে পোড়ানো হয় এবং অপরাধী শ্যামা প্রসাদকে আর কখনো অবৈধ জাল বিক্রি না করার জন্য মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা আইনে রয়েছে কোনো ব্যাক্তি কখনো অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও তা ব্যবহার করতে পারবে না। আর যদিও ব্যবহার করে তাহলে তাকে জরিমানাসহ অনাদায়ে জেলও হতে পারে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল অবৈধ ও সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। শ্যামা প্রসাধ তার দোকানে নিষিদ্ধ জাল বিক্রি করে অপরাধ করেছেন। এজন্য তার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তিনি জেনো এধরনের অপরাধ আর না করে সে ব্যাপারে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা