টেকনাফে চুরির অপবাদে গণপিটুনি ও ছুরিকাঘাতে ১ ব্যাক্তি নিহত

টেকনাফে চুরির অপবাদে গণপিটুনি  ও ছুরিকাঘাতে ১ ব্যাক্তি নিহত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মোবাইল ফোন চোরের অপবাদ দিয়ে গণপিটুনি ও ছুরিকাঘাতে মো: নজিমুল্লাহ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত যুবক টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত রহিম উল্লাহের ছেলে। রোববার ২০ এপ্রিল সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ার এ ঘটনা ঘটেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের এহতেশামুল হক বাহাদুর। তিনি বলেন,নিহত নজিমুল্লাহকে আমি চিনি। বিভিন্ন সময় চুরির অভিযোগে তার কয়েকবার বিচারও করা হয়েছে। তবে চুরির অপবাদ দিয়ে এইভাবে একটা লোককে হত্যা করা যায় না। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, আজ রোববার সকালের নজিমুল্লাহ একই এলাকার বাসিন্দা ফজল করিমের বাসার রায়তী (কেয়ারটেকার) সাদেক হোসেনের মোবাইল ফোন চুরির  অভিযোগ তুলে নজিমুল্লাহকে সাদেক হোসেনসহ কয়েকজন গণপিটুনি দেন। এসময় নজিমুল্লাহ হাতে থাকা ছুরি দস্তাদস্তিতে তার বুকের ডান পাশে ঢুকে পড়ে। এসময় সে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা সিফাত  বলেন,মারধর শিকার ও ছুরিকাঘাত নিয়ে একজন যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। বুকের ডানপাশে ছুরির আঘাত রয়েছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক