টেকনাফে অপহরণকারী চক্রের মোঃ রিদুয়ান অস্ত্রসহ আটক ১
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র ৪ রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২০) নামের একজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক অপহরণকারী হলেন, হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামারী এলাকার আব্দুস সালাম প্রকাশ কালুর ছেলে মো. রেদুয়ান (২০)। রবিবার (২৭ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে একটি বিলের মাঝখান থেকে স্থানীয়দের সহযোগিতায় অপহরণকারী রেদুয়ানকে আটক সহ অপহৃত ব্যক্তিকে ও উদ্ধার করা হয়।
অপহৃত ব্যক্তি হলেন, হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী ক্যাম্প-২৫ সংলগ্ন ৮নং ওয়ার্ডের মোহাম্মদ সৈয়দ এর ছেলে ফরিদ উল্লাহ (৪৩)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারী স্কুলের পশ্চিম পাশে বাড়ি যাওয়ার পথে ফরিদ উল্লাহকে অজ্ঞাতনামা আসামীরা অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়।
পরবর্তীতে অপহৃত ব্যক্তির পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশি অভিযানের মুখে পড়ে গতকাল ২৭ এপ্রিল রাতে হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলের মাঝখানে অপহৃত ব্যক্তিকে রেখে আসামীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় অপহরণকারী রিদুয়ানকে আটকের পাশাপাশি অপহৃত ফরিদকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেফতারের সময় আসামীর হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে উক্ত ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক