ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার

ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় আইভীর বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “রাতেই তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি দিনের বেলা যেতে ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।” তাকে প্রথমে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম দফায় আইভীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে নেমে আসেন এবং আশপাশের মসজিদের মাইকে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়। সমর্থকরা আইভীর বাড়ি ঘিরে বাঁশ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সমর্থকদের প্রতিরোধে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে আটকা পড়ে যান। পরে রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

গ্রেপ্তারের আগে আইভী সমর্থকদের উদ্দেশে বলেন, “তাদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে।” নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে, যা মিলিয়ে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশন ব্যবস্থা বিলুপ্ত হলে ডা. আইভী নিজ বাসায় অবস্থান করছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন