সুজানগরে হত্যাচেষ্টা মামলার আসামিদের হুমকিতে তাঁত শ্রমিক শামীমের পরিবার
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনার সুজানগর উপজেলার মানিকদির গ্রামের শামীম মোল্লা (৪০) তার শ্যালক রতন সরকার ও তাদের সাঙ্গপাঙ্গদের হুমকির মুখে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। রতন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসিরা গত বছরের সেপ্টেম্বর মাসে শামীমকে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন। ওই ঘটনার পর মামলা দায়ের করায় তারা হুমকি দিয়ে চলেছেন বলে শামীম জানিয়েছেন। শামীম মোল্লা মানিকদির গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে। তিনি পেশায় তাঁত শ্রমিক। আর আসামি রতন সরকার একই উপজেলার কুড়িপাড়া গ্রামের গুরাই সরকারের ছেলে। শামীম জানান, তার দুই শ্যালক রবিউল সরকার ও রতন সরকার। তাদের দুজনের মধ্যে পারিবারিক দ্বন্ধ ছিল। তার জের ধরে গত বছরের ৬ সেপ্টেম্বর রাতে রতন সরকার তার বড় ভাই রবিউল সরকার কে কুপিয়ে জখম করে। এ সংবাদ পাওয়ার পর শামীম শ্বশুরবাড়িতে যান এবং রতনের এমন কাজের প্রতিবাদ করেন। এতে রতন সরকার ক্ষুদ্ধ হয়ে তাকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার মিমাংসার জন্য ৭ সেপ্টেম্বর গ্রাম্য শালিস বসে।
ওই শালিসী বৈঠকেই রতন সরকার ও তার সহযোগী মাসুদ, মাসুদের ছেলে নীরব, মাসুদের শশুর আইয়ুব আলী, আইয়ুব আলীর ছেলে জিম সহ অন্যরা শামীমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। শামীম প্রাণে বেচে গেলেও তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে যান। ওই ঘটনার দু’দিন পর তার পক্ষে তার বড় বাই বাদশা মোল্লা সুজানগর থানায় মামলা দায়ের করেন। শামীম মোল্লা অভিযোগ করে জানান, মামলা দায়ের হওয়ার পর পুলিশ অজ্ঞাত কারণে অসহযোগিতা করতে থাকে। দুর্ধর্ষ সন্ত্রাসী আসামি মাসুদকে দুইবার পুলিশ গ্রেফতার করার পরও ছেড়ে দেওয়া হয়। অন্য অসামিদেরও তারা গ্রেফতার করে নাই। পরবর্তীতে আদালতে জামিন নিতে এলে মাসুদ এর জামিন না মঞ্জুর হয়। আরেক দুর্ধর্ষ আসামি জিহাদ এখনো বাইরে ঘোরাফেরা করছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। এতে তিনি পরিবারসহ বাড়িতে থাকতে পারছেন না। ঠিকমত কাজে যেতে পারছেন না। তিনি প্রাণভয়ে অনেকটা আত্মগোপন করে রয়েছেন বলে জানান। তিনি জানান, মাসুদের জামিন হলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে তার আশঙ্কাা। শামীম গণমাধ্যম কর্মীদের জানান, তার শ্যালক রতন এর ভায়রা সম্পর্কের আত্নীয় মাসুদ। এ দু’জনের শ্বশুড়ি লিপি খাতুন আওয়ামী লীগ নেত্রী এবং পৌরসভার কমিশনার। লিপি খাতুনের বেশ কিছু ভাড়াটিয়া লোকজন তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে চলেছেন। শামীম জানান, আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তিনি দোষিদের বিচার চান এবং তার জীবনের নিরাপত্তা দাবি করেছেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, একজন আসামি এরই মধ্যে জেল হাজতে রয়েছেন। কোন আসামিকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়া হয়নি বলে তিনি জানান। আর হুমকির বিষয়ে বলেন, তিনি খোঁজ খবর নেবেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান