টেকনাফে অস্ত্র ইয়াবাসহ আটক ৩!
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের তুলাতলীতে ৩ জন ইয়াবা পাচারকারীকে ১ টি ৯ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড আটককৃত হলেন ইয়াবা পাচারকারী মোঃ ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০) সকলেই কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সোমবার (১৯ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি করে ১ টি ৯ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে চিকিৎসা প্রদানের নিমিত্তে কোস্ট গার্ড কর্তৃক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক