মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মনোহরদী উপজেলার ইউএনও

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মনোহরদী উপজেলার ইউএনও
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান। অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন সোমবার (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও এম.এ মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।

তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন।  এ বিষয়ে ইউএনও বলেন, "তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা। একজন মানুষ হিসেবে আমি যা করার চেষ্টা করেছি, তা আমার কর্তব্য বলে মনে করি।" বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর সুস্থতা নিশ্চিত হওয়ার পর, প্রশাসনের উদ্যোগে তাঁকে ময়মনসিংহের ধলা ত্রিশালে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে, যাতে তিনি নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন। স্থানীয়রা ইউএনও,র এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, প্রশাসনের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বীজ বপন করে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম